ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে অন্য উপজেলায় নেওয়ার সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মোড়ের ডাবল ব্রিজ এলাকায় স্থানীয় লোকজন সারবোঝাই একটি অটোরিকশা আটক করেন। এ সময় অটোরিকশার চালক পালিয়ে যান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সারগুলো তারাকান্দা উপজেলা থেকে হালুয়াঘাটে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা ডিএপি সার জব্দ করেন। পরে জব্দ করা সারগুলো কৃষকদের মধ্যে সুলভ মূল্যে বিক্রি করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে সরবরাহ করা সার যেন নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য সার মজুত, পরিবহন ও বিক্রিতে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি জানান, জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম ও অবৈধভাবে স্থানান্তর রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হায়দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাদুজ্জামান ও সাজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।