ময়মনসিংহের ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় ভাইটকান্দি ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেনের ডিলারশিপ বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
জানা যায়, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে সরকার ফুলপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেয়। উপজেলার ৩ নম্বর ভাইটকান্দি ইউনিয়নে সার ডিলার হওয়ার জন্য ১২ জন ব্যবসায়ী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে নিয়োগপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের সমর্থক ও দোসর আখ্যা দিয়ে তাঁর ডিলারশিপ বাতিলের দাবি তোলেন স্থানীয় বিএনপি নেতারা। এ দাবির পরিপ্রেক্ষিতে শনিবার ‘৩নং ভাইটকান্দি ইউনিয়নের সর্বস্তরের কৃষক ও জনগণ’-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফুলপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আঞ্জুমান সুপার মার্কেটের বিপরীত পাশে ফুলপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিক্ষোভকারীদের ‘জবাব চাই, জবাব চাই—প্রশাসন জবাব চাই’, ‘জবাব দিতে ব্যর্থ হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘সাখাওয়াতকে সারের ডিলার মানি না, মানবো না’ এবং ‘আওয়ামী লীগের সারের ডিলার মানি না, মানবো না’—এমন স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে শাহ সালাউদ্দিন, ছাইদুর রহমান, আলী আজগর, আব্দুর রহমান, মাহবুব রহমান ও আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ নিয়োগ বাতিল করে নতুন করে সার ডিলার নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত্রিপুরা সাধনা বলেন, ‘আওয়ামী লীগের লোকজনকে সার ডিলার নিয়োগ দেওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের নিয়োগ বাতিলের দাবিতে ফুলপুরে মানববন্ধন ও মিছিল হয়েছে বলে শুনেছি। তাঁদের এসব অভিযোগ ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’