ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাসিন্দা ও ময়মনসিংহের দাপুনিয়া কাওয়ালটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৌখিনারা আক্তার সৌজি (সৌজি) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ শহরের বাসা থেকে অটোরিকশাযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে দাপুনিয়া কাঠগোলা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশায় থাকা অবস্থায় সৌখিনারা আক্তার সৌজির ওড়না অটোরিকশায় পেঁচিয়ে যায়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সৌখিনারা আক্তার সৌজি ফুলপুর পৌরসভার সাহেব রোড এলাকার মরহুম রফিকুল ইসলাম মতির মেয়ে। তিনি ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদের বড় বোন। এর আগে তিনি ফুলপুর উপজেলার ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মোঃ জয়নাল আবেদীন জামালপুর পিটিআইয়ের সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার বাদ মাগরিব ময়মনসিংহ ন্যাপে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজ রাত ১০টায় ফুলপুর উপজেলার সাহাপুর ছোট কুড়েরপাড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার বড় ভাই ওয়াকিল আহমেদ জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মরহুমার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।