ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের নারকেলতলা গ্রামে মসজিদ-মাদরাসা ও বিদ্যালয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে বড় ধরনের ভাঙন ও অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটিতে পানি জমে থাকছে। এতে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, পয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারকেলতলা গ্রামের এ রাস্তাটি দিয়ে একটি বড় মসজিদ, হিফজ মাদরাসা এবং পাশের মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় বিশেষ করে রাতে বৃদ্ধ মুসল্লিদের মসজিদে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হিফজ মাদরাসার শিক্ষার্থীরাও প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে।

এ ছাড়া নারী-পুরুষ, শিশু, রোগী, গর্ভবতী মা এবং কৃষক-কৃষাণীদেরও চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার বেহাল অবস্থার কারণে কোনো রোগী অসুস্থ হলে তাকে তক্তা বা খাটিয়ায় করে মামুদপুর পর্যন্ত নিয়ে গিয়ে যানবাহনে তুলতে হয় বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে স্থানীয় রাজ ওস্তাগার নেতা আবদুল মান্নাফের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আমরা খুব কষ্টে আছি। মাদরাসার ছাত্ররা চলাচল করতে পারে না। রাতে আমরাও ঠিকমতো মসজিদে যেতে পারি না।’
স্থানীয় ব্যবসায়ী তাজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাজার থেকে মালামাল নিয়ে আসতে রাত হয়ে গেলে কোনো গাড়িচালক এদিকে আসতে চান না। তখন বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মালামাল আনতে হয়।’
স্থানীয় মুরুব্বি নজরুল হক বলেন, ‘এ রাস্তার কারণে আমরা বিরাট সমস্যায় আছি। মাদরাসার ছাত্রদের সমস্যা, মসজিদের মুসল্লিদের সমস্যা। কোনো রোগী অসুস্থ হলে তক্তায় করে মামুদপুর পর্যন্ত নিয়ে গাড়িতে তুলতে হয়। রাস্তার বেহাল অবস্থার কারণে এদিকে কোনো গাড়ি আসতে চায় না।’
আবদুল মান্নাফ আরও বলেন, ‘আমরা আশা করি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করবেন।’
স্থানীয়রা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পাকাকরণ করার জন্য দাবি জানিয়েছেন।