ময়মনসিংহের ফুলপুরে কুরআনুল কারীমের মাশক্ব অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত ক্বারী ও উস্তাজুল হুফফাজ শায়খ ক্বারী আব্দুল হক দামাত বারাকাতুহুম মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭টায় প্রধান অতিথি হিসেবে ফুলপুর পৌর শহরের মহিলা কলেজ রোডে ‘স্কুল অফ দ্যা হলি কুরআন’ অডিটোরিয়ামে ওই মাশক্ব পরিচালনা করেন।
‘স্কুল অফ দ্যা হলি কুরআন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সাব্বির আহমাদ শিবলী এর আয়োজন করেন।
তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কুরআনপ্রেমীদের শুদ্ধ ও সুন্দর উচ্চারণে পবিত্র কুরআন তিলাওয়াতের বিভিন্ন কলাকৌশল শেখান এবং গুরুত্বপূর্ণ নসিহত করেন।
এসময় ফুলপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, মদীনা পার্টসের প্রোপ্রাইটর হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ নোমান, দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ দেলোয়ার হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক হাফেজ মাওলানা সাব্বির আহমাদ শিবলী বলেন, পবিত্র কুরআনের সহিহ তিলাওয়াত ও এর মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।