ময়মনসিংহের ফুলপুরে ৯৫ পিস ইয়াবাসহ আজিজুল হক বাবুল ওরফে কলা বাবুল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী বলে অভিযুক্ত তালেব ওরফে কানা তালেব পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা নতুন গরুহাটা এলাকায় অভিযান চালানো হয়। ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই শামীম হোসাইন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আজিজুল হক বাবুল ওরফে কলা বাবুলকে আটক করা হলেও তার সহযোগী তালেব ওরফে কানা তালেব পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেফতারকৃত বাবুল ফুলপুর পৌরসভার মৃত আবুল কাশেম ও মোমেনা খাতুনের ছেলে। পলাতক তালেব উপজেলার চর সাহাপুর গ্রামের ফজর আলী ও সাহেরা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর বাবুলের দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ৫০০ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবুল ও তালেব পরস্পরের যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় ফুলপুর থানায় মামলা (নং-১৫, তারিখ: ২৬/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। পলাতক আসামি তালেব ওরফে কানা তালেবকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।