ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)- এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, ফুলপুর তারাকান্দার উন্নয়ন আমরাই করবো, ইনশাআল্লাহ। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শেরপুর রোডে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওরা পালিয়ে গেছে, কিন্তু আমাদের নেত্রী (সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া) কখনো পালাননি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যান, নেতাকর্মীদের খোঁজখবর নেন। আপনারাও সহকর্মীদের খোঁজখবর রাখবেন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন করার জন্য দায়িত্ব দিয়েছেন। ফুলপুর-তারাকান্দার উন্নয়ন আমরাই করব, ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমেই এই উন্নয়ন হবে।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শেরপুর রোড মোড়ে এসে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
পরে দেশ, জাতি ও বিএনপির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।