অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের তারাকান্দায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উহা বলবৎ থাকবে বলে জানা গেছে।
জানা যায়, তারাকান্দায় বিএনপির দুই গ্রুপ একই সময়ে একই এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
জানা গেছে, পহেলা বৈশাখের দিন এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে তারাকান্দা উপজেলা যুবদল নেতা রিয়াদ নির্যাতিতদের বাঁচাতে গেলে তার উপরও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে আজ রবিবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারী রিয়াদরা।
অপরদিকে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার গ্রুপের পক্ষ থেকেও একই সময়ে ওই একই স্থানে বিক্ষোভের ডাক দেওয়া হয়। এতে বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারাকান্দা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
এটা রাত ৮ টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।