ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও ফুলপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে পৌরসভার গোলচত্বর এলাকাসহ আশপাশের নোংরা ও আবর্জনাপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার এবং ধ্বংস করা হয়।
‘আমি যেখানে, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেগুলোর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এ সময় ইউএনও মোহাম্মদ ইউসুফ হাতে গ্লাভস পরে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।

এরপর এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বলেন, “ডেঙ্গু একটি ভয়ংকর রোগ। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এবং এতে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। যেখানে আমরা বসবাস করি, তার আশপাশে কোনো ধরনের আবর্জনা, ঝোপঝাড় বা পানি জমে থাকার সুযোগ রাখা যাবে না। পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”
উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়েছে যে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।