মাদকাসক্ত কারাবন্দীদের মানসিক পুনর্বাসন ও সমাজে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসনের নির্দেশনায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কারাগারকে শুধু শাস্তি কার্যকরের স্থান হিসেবে নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে মাদকাসক্ত বন্দীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মানসিক পরিবর্তন ঘটানো এবং মুক্তির পর পরিবার ও সমাজে মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের মাধ্যমে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।