প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বৈঠকে চেয়ারম্যানরা নিজ নিজ অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নিজ নিজ কর্তৃপক্ষের কার্যক্রম, সম্ভাবনা এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আলোচনার মাধ্যমে দেশের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এর ফলে উন্নয়নের সুফল দেশের সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।