ময়মনসিংহের ফুলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইসলামী ব্যাংক ফুলপুর শাখার সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ‘আসুন সচেতন হই, ব্যাংক রক্ষা করি’ ও ‘ব্যাংক বাঁচাও গ্রাহকের স্বার্থ রক্ষা করো’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়। সচেতন গ্রাহক ফোরাম, ফুলপুর এর আয়োজন করে। এতে ব্যাংকের বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের সুশাসন, আমানতের নিরাপত্তা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়কট, গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ।
এছাড়া গ্রাহকদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংকের সঙ্গে লাখো গ্রাহকের আমানত ও আস্থার সম্পর্ক রয়েছে। তাই ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংককে ঘিরে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ব্যাংকের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং ব্যাংকের সুনাম ও গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা এ কর্মসূচির আয়োজন করেছি।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক উপস্থিত ছিলেন।