মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় এলাকায় আমিনের তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে একদল দুষ্কৃতকারী এ ঘটনা ঘটায়। এ বিষয়ে জানতে চাইলে এড. আবুল বাসার আকন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমিনকে সান্ত্বনা দিতে গেলে যুবদলের ওয়াহেদুজ্জামান মিঠুনের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী আমার গাড়ি ভাঙচুর করে। এ ব্যাপারে ওয়াহেদুজ্জামান মিঠুনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সেখানে ছিলাম না। এ ব্যাপারে বলতে পারছি না।

ভাঙচুরের সময় গাড়ির চালক ও আবুল বাসার আকন্দের ভাগ্নে মুফতী আব্দুল্লাহ আল মাসুকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। এতে পথচারীরা ভোগান্তিতে পড়ে। পরে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান ও ওসি (তদন্ত) ইয়াসীন রাসেলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাড়ি চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে নবনির্বাচিত এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান বলেন, আমি ছুটিতে চলে আসছি। সার্কেল অফিসার বা ওসি (তদন্ত) ইয়াসীন রাসেলের সাথে যোগাযোগ করুন। পরে সার্কেল অফিসারকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। এরপর ওসি তদন্ত ইয়াসীন রাসেল বলেন, সহকারী পুলিশ সুপার স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাবেক এমপি এড. আবুল বাসারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি জানিয়েছেন দলের নেতাকর্মীদের আলোচনা করে যা করার করবেন। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।