
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৫৪৪টি কাঁচের বোতলে ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত ১২ টা ৫ মিনিটের পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আমাদের নিকট একটি গোপনীয় সংবাদ আসে। আমাদের পুলিশের একটি টহল টিমকে জানানো হয় যে, শেরপুর জেলার নকলা থানা এলাকা হতে সাদা রংয়ের একটি পিকআপ ভ্যানে করে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে ফুলপুরের দিকে আসতেছে। ওই সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ভাইটকান্দির দিকে রওনা করে। পরে সেখানে গিয়ে গভীর রাত ১২টা ৫ মিনিটের সময় ভাইটকান্দি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ।

এদিকে, পুলিশের অবস্থান টের পেয়ে পিকআপ ভ্যান চালক রাস্তা পরিবর্তন করে সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়। পরে পুলিশও বনোয়াকান্দার দিকে অভিযান চালায়। সেখানে মাসুদ মেম্বারের বাড়ির সামনে ফাঁকা জায়গায় পুলিশ গিয়ে পৌঁছার আগেই পিকআপ ভ্যান রেখে চালকসহ পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় স্থানীয় লোকজন পিকআপটি আটক করে। পরে ঘটনাস্থল হতে পুলিশ পিকআপ ভ্যান ও বিভিন্ন আকারের সর্বমোট ৫৪৪টি কাচেঁর বোতলে ভারতীয় মদ জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল হাদি বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আজ ৩ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।