আবুল হাশেম :
ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের সাফজয়ী ৬ কীর্তিমান কিশোরী ফুটবলারকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া কনসার্ট ফর কলসিন্দুর ফুটবল কন্যা নামে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) বিকালে ধোবাউড়া বহুমূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাজনৈতিক, কবি সাহিত্যিক ও সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে গঠিত আয়োজক কমিটির উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

দেশের সুনাম অর্জনকারী কলসিন্দুরের সানজিদা, মারিয়া, তহুরা, শিউলী আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র নামে এই ৬ কিশোরী ফুটবলারকে রোভার স্কাউটসের উদ্যোগে ফুলেল শুভেচ্ছায় গার্ড অব অনার দিয়ে বরণ করা হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। ভিডিও কনফারেন্সে কথা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সভাপতি তাবিথ আওয়াল। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, ফুটবলারদের পক্ষে মারিয়া মান্দা, সাহিত্যিক শামসুল হক মৃধা, ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত তুষার প্রমুখ। এসময় কলসিন্দুরের ফুটবল কন্যাদের সাবেক কোচ মফিজ উদ্দিন, বর্তমান কোচ জুয়েল মিয়া, প্রধান শিক্ষক মিনতী রাণী শীল প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে কনসার্ট ফর কলসিন্দুর অনুষ্ঠিত হয়।