মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর এলাকায় বঙ্গবন্ধু মার্কেটে আগুন লেগে ইলেকট্রনিকস মালামালের গোডাউনসহ কয়েকটি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লুৎফর রহমানের নেতৃত্বে দ্রুত দুটি টিম ঘটনাস্থলে আসলেও আশপাশে পানি না থাকায় দেরি হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে নিতে। একটি ময়লার গর্ত থেকে পানি উঠাবার চেষ্টা করেও ব্যর্থ হন ফায়ার ফাইটাররা। পরে ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি ময়মনসিংহের ডিডিকে জানান। তিনি হালুয়াঘাটের ফায়ার সার্ভিসকেও ডেকে আনেন। অবশেষে প্রায় এক কিলোমিটার দূরে সাহেব বাড়ি মসজিদের বিপরীতে বাইতুল কুরআন মাদরাসা সংলগ্ন পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলপুর ওসি মোহাম্মদ রাশেদুল হাসানসহ ফায়ার সার্ভিসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিডি পূর্ণ চন্দ্র ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু ব্যবসা করলে চলবে না বরং এর সুরক্ষার চিন্তাটাও করতে হবে। পানির রিজার্ভার তৈরি করতে হবে।

এত দূর থেকে সেই সাহেব বাড়ি মসজিদের বিপরীতে বাইতুল কুরআন মাদরাসা সংলগ্ন পুকুর থেকে গোল চত্বরে বঙ্গবন্ধু মার্কেটে পানি নিয়ে আগুন নেভানো কঠিন। পানির রিজার্ভার থাকলে এ আগুন একটা দোকানেই সীমাবদ্ধ থাকতো। এর মধ্যেই আগুন নেভানো সম্ভব হতো। এসময় সাথে ছিলেন ডিএডি আতিকুর রহমান, ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান প্রমুখ।
এ আগুনের সূত্রপাত ও এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।