ময়মনসিংহের ফুলপুরে চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে এমনকি তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি চুরি মামলার অভিযোগে শুক্রবার (১৫ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এসআই জিকরুল। সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ফুলপুর সরকারি কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- শিমুল ওরফে সুমন মিয়া (৩০) ও আক্রাম হোসেন ওরফে বাবু (৩০)। সুমন শেরপুর জেলার সদর থানার খরমপুর গ্রামের মৃত বাদশা মিয়া ও মোস্তয়ারা বেগমের পুত্র আর বাবু একই থানার নোয়াপাড়া গ্রামের মৃত সেলিম ও আবেদা খাতুনের পুত্র।
গ্রেফতারের পর তাদেরকে সনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি শিমুল ওরফে সুমন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তার শেরপুরের বাড়ি হতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ১টি স্বর্ণের আংটি, ২টি মোবাইল ফোন, ১টি রুপার চেইন, ১ জোড়া রুপার নুপুর, নগদ ৪৯,০০০ টাকা ও চুরি কাজে ব্যবহৃত ১টি স্লাইরেঞ্জ। জানা যায়, তাদের বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন থানায় ৩০-৩৫টি মামলা রয়েছে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত প্রায় ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে। এরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আজ শনিবার দুপুরে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।