ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সংলগ্ন শিশু পার্কের উন্নয়ন কাজ কাঙ্ক্ষিত সময়ে সম্পন্ন না হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
ইউএনও জানান, গত ৬ জুলাই ২০২৬ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে শিশু পার্কটি পরিদর্শন করা হয়। এ সময় পার্কের বেঞ্চ নিচু করা, ভাঙা টাইলস মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়। প্রকৌশলীর অনুরোধে ঠিকাদারকে একটি চলতি বিলও পরিশোধ করা হয়েছিল।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাস পার হলেও শিশু পার্কে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ চোখে পড়েনি। তিনি নিজেও একাধিকবার সন্ধ্যার পর পার্ক পরিদর্শন করেছেন, কিন্তু কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাননি।
ইউএনও আরও জানান, সম্প্রতি ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস ও বিভিন্ন মন্তব্য নজরে আসার পর উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, উপজেলা পরিষদের আওতাধীন সব উন্নয়নকাজ বাস্তবায়নে প্রশাসন সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী প্রতিটি প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। একজন ইউএনও এককভাবে সব কাজ বাস্তবায়ন করেন না। ঠিকাদার কাজের অগ্রগতি দেখাতে না পারলেও প্রকৌশলীর অনুরোধে বিল দেওয়া হয়েছিল। বিল পরিশোধ ও নির্দেশনা দেওয়ার পরও কাজ শুরু না হওয়া দুঃখজনক।
ইউএনও মোহাম্মদ ইউসুফ জানান, আগামী ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত এ কাজের সময় আছে। আমরা আশা করছিলাম যে, এর আগেই পার্কের কাজ সম্পন্ন করা হবে কিন্তু সেই আলামত এখন পরিলক্ষিত হচ্ছে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বানের ব্যবস্থা নেওয়া হবে।