দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান মজুমদার। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও বিভিন্ন সামাজিক-শিক্ষাবিষয়ক মহলে আনন্দ ও প্রশংসার জোয়ার বইছে।
হাফেজ আব্দুর রহমান মজুমদার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা-এর সাবেক শিক্ষার্থী। শৈশবেই তিনি পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া মজুমদার-এর জ্যেষ্ঠ সন্তান।
শিক্ষাজীবনে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। সর্বশেষ একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করে তিনি নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, হাফেজ আব্দুর রহমান মজুমদারের এই অর্জন প্রমাণ করে যে মাদরাসা শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ পর্যায়ে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে সক্ষম। তার সাফল্য দেশের অসংখ্য মাদরাসা শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তার এই গৌরবময় অর্জনে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, কর্মজীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।