
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক, ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু (৪৭)কে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাইটকান্দি বাজার এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে ফুলপুর থানায় সোপর্দ করে। তার নামে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। টিটু ফুলপুর পৌরসভার মাগন ফুলপুর এলাকার মৃত সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম সরকার ও মনোয়ারা খাতুনের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট পরিচালনা করে বুধবার এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।