মোঃ আব্দুল মান্নান :
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক বাংলাদেশ নিউজ অনলাইন পোর্টালে নিউজ পাবলিশ হওয়ার পর ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরের সৌন্দর্যবর্ধনে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলপুর থানা, সড়ক ও জনপদ বিভাগ এবং ফুলপুর পৌরসভার সম্মিলিত উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরসহ ফুলপুর উপজেলার ব্যস্ততম এলাকা আমুয়াকান্দা বাজারের মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তায় যানজট নিরসন ও এর সৌন্দর্যবর্ধন করতে ডিভাইডার নির্মাণ,

ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ, সড়ক বাতি স্থাপন, রাস্তার মাঝখান থেকে অবৈধ দোকান অপসারণ ও ফুটওভার ব্রিজ নির্মাণসহ বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফুলপুর থানা, সড়ক ও জনপদ বিভাগ এবং ফুলপুর পৌরসভা ক্রমান্বয়ে সম্মিলিতভাবে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। সভাশেষে নির্ধারিত এলাকা পরিদর্শন করা হয়।
তিনি আরও বলেন, এটি বাস্তবায়িত হলে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরসহ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা যেমন নান্দনিকতায় আলাদা মাত্রা পাবে একইসাথে সড়কে শৃঙ্খলা ফিরবে ও সড়ক দুর্ঘটনা এবং যানজট নিরসন হবে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র মি: শশধর সেন, ওসি মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।