মো. আব্দুল মান্নান
নারীদের সংগঠন ‘নারীপক্ষ’-এর পক্ষ থেকে ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা ও পুরষ্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিনিয়র সাংবাদিক দৈনিক সবুজ পত্রিকার ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি। আজ শনিবার (২ মার্চ) বেলা ৩টার দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কর্মের জন্য, বিশেষ করে বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাঁদেরকে রাষ্ট্রীয় মর্যাদা পেতে সক্রিয় সহযোগিতার স্বীকৃতি স্বরূপ তাকে ওই সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
এসময় নারীপক্ষ’-র সাধারণ সম্পাদক শিরিন পারভীন হক, সংগঠক নাজরীন সুলতানা রত্না, ফেরদৌসী বেগম, সাফিয়া আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘মোরা আকাশের মত বাধাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বীরাঙ্গনা সম্মিলনে নারীপক্ষ’-র সভানেত্রী গীতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ড. ফেরদৌসী আজিম, একুশে পদকপ্রাপ্ত কাউছার চৌধুরী, নীলিমা ইব্রাহীমের মেয়ে রীতা ইব্রাহীম আহসান, শবনম ফেরদৌসী প্রমুখ। বক্তরা বলেন, বীরমাতা বীরাঙ্গনারা এদেশের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের সম্ভ্রমের কারণেই বাংলার মাটি পাক হানাদার মুক্ত হয়। বীরমাতাদের সামাজিক, মানসিক, রাজনৈতিক ও আর্থিক মুক্তি পেতে হবে। তাদেরকে অবিলম্বে সরকারি স্বীকৃতি দিতে হবে। সরকার যত তাড়াতাড়ি বীরাঙ্গনাদেরকে স্বীকৃতি দিবে তত তাদের মঙ্গল হবে।
এসময় ময়মনসিংহসহ সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, রংপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৪৮ জন বীরমাতা বীরাঙ্গনা অনুষ্ঠানে অংশ নেন।