মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাটে বর্তমান এমপির বাবা সাবেক এমপি এমদাদুল হক মুকুলের হাতে গড়া ধারা আদর্শ ডিগ্রি কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম। এর আগে এমপি সায়েম কলেজে এসে পৌঁছলে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনসহ তাকে সংবর্ধনা প্রদান করা হয়। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, ধোবাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম বেগ, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তুষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বর্তমান এমপির গর্বিত বাবা সাবেক এমপি অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) বর্তমানে কলেজের কার্যকরী কমিটির সভাপতি এমদাদুল হক মুকুল সভাপতিত্ব করেন। এর আগে তিনি ৮নং নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৪ বছর দায়িত্ব পালন করেন। তারপর হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদ অলংকৃত করেন। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দীর্ঘদিন তিনি এমপি ছিলেন। তিনি মানুষের সাথে ভাল ব্যবহার করেছিলেন। এরই সুফল হিসেবে তার একমাত্র পুত্র মাহমুদুল হক সায়েম অতি দ্রুত এমপি নির্বাচিত হন।
সায়েম প্রথম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর এর মেয়াদ শেষ না হতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকাবস্থায় মেয়াদ শেষ হওয়ার আগেই এ পদ থেকে ইস্তফা দিয়ে তিনি এমপি নির্বাচনে অংশ নেন এবং পাস করেন।
কলেজের অনুষ্ঠানে শিক্ষক স্টাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।