মো. আব্দুল মান্নান :
ইমাম হত্যা চেষ্টায় ছাত্রীসহ মুহতামিম আটক হয়েছেন। ময়মনসিংহের তারাকান্দায় ১০ ফেব্রুয়ারি ঘটেছে এ জঘন্য ঘটনা। ঘটনার মূল হোতা উপজেলার বকশিমুল এলাকার বাগে জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতী শরীফ আল হোসাইন (৩৫)। একই ইউনিয়নের পিঠাসূতা গ্রামের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা সাঈদুল ইসলাম (৩২)-এর সাথে উনার পূর্ব শত্রুতার জের ধরে ইমাম সাহেবকে হত্যার উদ্দেশ্যে উনার নিজের মাদরাসার সাদিয়া (১৫) নামে এক ছাত্রীকে দিয়ে হাদিয়া পাঠান বলে জানা যায়। সাদিয়া ইমাম সাহেবের জন্য ৪টি খেজুর ও জমজমের পানির নামে এক বোতল এসিড জাতীয় পানীয় হাদিয়া নিয়ে যায় মুহতামিমের বাড়িতে।
এসব নিয়ে সাদিয়া যখন ইমাম সাহেবের বাড়িতে গেল তখন একই এলাকার মোফাজ্জল হোসেন নামে ৬০ বছরের এক মুরুব্বি সেখানে বসা ছিলেন। তিনি সাদিয়ার হাত থেকে ইমাম সাহেবের হাদিয়া নিয়ে নিজেই কিছু খেতে চেয়েছিলেন। বিশেষ করে জমজমের পানিটা উনি পান করতে চেয়েছিলেন। জমজমের পানি ভেবে বোতল থেকে পান করার সাথে সাথে মুরুব্বির গলা ও মুখের ভেতরের অংশ যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। জ্বালাপোড়ায় অস্থিরতা অনুভূত হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এদিকে, মুরুব্বি মোফাজ্জল হোসেনের এরকম অবস্থা ঘটলে পালিয়ে যেতে চেয়েছিল সাদিয়া। পরে উপস্থিত জনতার হাতে আটক হয় সে। আটকের পর সব খুলে বলে সাদিয়া। সাদিয়ার কথা শুনে মুহতামিমকেও আটক করে জনতা। পরে এদের দুজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মুহতামিম ও সাদিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় মুরুব্বি মোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০) বাদি হয়ে মুহতামিম মুফতী শরীফ আল হোসাইন ও সাদিয়ার নামে মামলা (নং ৯ তারিখ ১১/০২/২০২৫) দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার সেকেন্ড অফিসার এসআই লিটন চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি দুজনকে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।