মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণাদায়ী শ্লোগান ‘তুমি কে? আমি কে?, বাঙালি বাঙালি’ এর বিকৃতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় ফুলপুর উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান টিটু, শমসের আলী, রিটা ইয়াসমিন, হামিদুল হক বিপ্লব, রফিকুল ইসলাম, সোলায়মান কবির বিশ্বাস খোকন প্রমুখ। বক্তারা বলেন, কোটা ছিল, থাকবে। এটা আমাদের অধিকার। এর আগে মানববন্ধন চলাকালে বজ্রকণ্ঠে শ্লোগান দেওয়া হয়। শ্লোগানে বলা হয়- ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান। কোটা নিয়ে ষড়যন্ত্র, চলবে না চলবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।