মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ২০২৪-এ ইকরামুল হক টিটু টানা দ্বিতীয়বারের মত আবারও মেয়র নির্বাচিত হয়েছেন। টেবিল ঘড়ি প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি এ ঐতিহাসিক বিজয় অর্জন করেন। শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী অংশ নেন। তাদের মাঝে ১০ হাজার ৭৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। ১ হাজার ৪৮৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন হরিণ প্রতীকের প্রার্থী রেজাউল হক আর লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন ১ হাজার ৩২১ ভোট পেয়ে সর্বশেষ ৫ম স্থান অর্জন করেন। ৯ মার্চ সকাল ৮টায় নির্বাচন শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নগরীর ৩৩টি ওয়ার্ডে ১২৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের মেয়র হিসেবে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ইকরামুল হক টিটুকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।