মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) ওই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলার মেসার্স এফ এ বি ব্রিকস ও মেসার্স দোয়েল ব্রিকস নামক দুইটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন- ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে উচ্ছেদ ও ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মেসার্স হামজা ব্রিকসকে সম্পূর্ণরূপে ভেঙ্গে দেওয়া হয়।

অভিযানে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।