ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এডিপি ও রাজস্ব খাতে ৮টি প্যাকেজের আওতায় প্রায় ২ কোটি টাকার অর্থাৎ ১ কোটি ৯২ লক্ষ টাকার বিভিন্ন নতুন রাস্তা, ড্রেন ও বিভিন্ন অবকাঠামোর সংস্কার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই-জিপি (ইলেকট্রনিক গভমেন্ট প্রকিউরমেন্ট) টেন্ডার লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌরসভা মিলনায়তনে ওই লটারি অনুষ্ঠিত হয়। এসময় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার নির্বাচন করা হয়।
এসময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে কাজগুলো দ্রুত শেষ করলে জনসাধারণের কষ্ট লাঘব হবে। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে তিনি নির্দেশ প্রদান করেন।
এসময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।