ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নে অবস্থিত গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান। আজ বুধবার (১০ জুন) পরিদর্শনকালে তিনি পর্যটন কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিতব্য একটি নতুন ভিউ পয়েন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা যায়, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। পর্যটন কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তুলতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রকে জেলার অন্যতম দর্শনীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পর্যটকদের জন্য নিরাপদ ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।