ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। আজ মঙ্গলবার (৯ জুন) তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন।

জানা যায়, নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফ বওলা ইউনিয়নের চন্দ্রপুর রাজাপাড়া থেকে কোকাইল ১ম খন্ড নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তা সলিং করণ কার্যক্রম পরিদর্শন করেন। এরপর বওলা ইউনিয়নের বামনখিলা বাজার হতে হাতিবান্ধাগামী রাস্তা সলিং করণ কার্যক্রম, বিলাসাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বওলা ইউনিয়নের সৈয়দগড়পুর গ্রামে আজিজের দোকানের সামনে ইউ-ড্রেন নির্মাণ কাজসহ বওলা ইউনিয়নের অন্যান্য উন্নয়ন কাজের অগ্রগতি তিনি সরেজমিন পরিদর্শন করেছেন।

এছাড়া বওলা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বওলা ভূমি অফিস, রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলাসাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া জনসাধারণ যেন নামজারি, ভূমি উন্নয়ন করসহ সার্বিক ভূমিসেবা নির্বিঘ্নে পায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পাঠ পরিকল্পনা মোতাবেক ও শিক্ষা উপকরণসহকারে শ্রেণি পাঠ দানের জন্য প্রাথমিক শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সাথে ছিলেন।