শিক্ষক নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুককে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে ফুলপুর থানা পুলিশ। পরে সোমবার (৮ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা কারাগারে রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ফারুক ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ এবং তা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, একই পদের বিপরীতে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এ ঘটনায় উপজেলার ভাটপাড়া গ্রামের নিয়াজ উদ্দিনসহ পাঁচজন ভুক্তভোগী আদালতে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। প্রায় ছয় মাস পলাতক থাকার পর রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে ফুলপুর থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।