মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শ্যামলী বাংলা পরিবহনের একটি গাড়ি যাত্রীবাহী একটি মাহিন্দ্রের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে বলে জানা গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর পৌরসভার বাশবাড়ি এলাকায় ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ওসি আব্দুল হাদিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন হলেন ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের (বড়বাড়ি সংলগ্ন) তিন চিল্লার সাথী জসিম উদ্দিনের ছেলে ফরিদ (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের জহর আলী ও হাসিনা নামে একজন। আর বাকিদের নাম ঠিকানা এখনো সনাক্ত করা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত লাল মিয়া (৪০), মারজিয়া (৩০), আলীম উদ্দিন (২৬) ও অজ্ঞাত ২ জনসহ মোট ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে বলে জানা গেছে। এই একজনসহ মোট ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেল।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন প্রশাসনের লোকজন।
রাত ১১টায় হাসপাতাল এলাকায় গেলে সেখানেও নিহতদের আত্মীয় স্বজনের আহাজারি চলছিল। হাজারো লোকজন নেমে এসেছিল রাস্তায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।