মো. আব্দুল মান্নান :
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আজ শুক্রবার (৩০ মে) ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হালুয়াঘাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে।
জানা যায়, হালুয়াঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ গেট সংলগ্ন জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এ উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসহায় দুঃস্থ মানুষকে উন্নত জীবন দেয়ার জন্য রাজনীতি করেছেন । সাধারণ মানূষের কল্যাণ ও মানবিক সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।
সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন । জীবদ্দশায় শহীদ প্রেসিডেন্ট নিজের আরামকে হারাম করে দেশ ও জনগণের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন । এভাবে নিজের জীবনকে তিনি দেশের জন্য উৎসর্গ করে গেছেন । দুপুরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এর আগে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এরপর বিএনপির যুগ্ম মহাসচিব ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের কৃতি সন্তান হালুয়াঘাট কাচারি বাজার (গরুহাটা) বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। খুৎবার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মুসল্লীদের নিকট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সবশেষে দোয়া পরিচালনা করেন গরুহাটা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান দামাত বারাকাতুহুম। এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব হানিফ শাকেরুল্লাহ, বিএনপি নেতা আলী আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।