মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মার্কাজ মসজিদের ছোট ছাদটির ঢালাই উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ছাদ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, যা ঘোষণা করা হয়েছে তা তো দেওয়া হবেই বরং আরও যা লাগে ইনশাআল্লাহ দেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এ উপলক্ষে এর আগে মসজিদে এসে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। এছাড়া ৭০০ বস্তা সিমেন্ট দেওয়া হবে। উদ্বোধন উপলক্ষে ১৩০ বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদের চেয়ারে বসেই আমরা ৩ হাজার ৮৩৪ বস্তা সিমেন্ট, ২ লাখ ৪ হাজার ইট, ৯৬ বাণ্ডিল টিন ও ৬৬টি টিউবওয়েল দেওয়া হয়েছে। এছাড়া আপনারা জানেন, ইউএনও সাহেব এবং আমি আমরা টিম ওয়ার্ক করছি। কোথাও গেলে আমরা গাড়িতে করে ফুটবল এমনকি পাম্পারও সাথে নিয়ে যাই। ছাত্রদের মাঝে বিতরণ করি।
হয়তো সব কাজ করা সম্ভব নয় তবু চেষ্টা করছি। এসময় ফুলপুর মার্কাজ মসজিদের জন্য জমিদাতা ফুলপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রধান অতিথির প্রিয় শিক্ষক কাজী আব্দুছ ছাত্তারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সমাজের গুণীজনদের নিকট থেকে শিখতে চাই। শিক্ষাকে কাজে লাগাতে চাই। উপস্থিত ভদ্রমন্ডলির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদের কোন সমস্যা থাকলে জানাবেন। পূরণ করতে চেষ্টা করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। তিনি বলেন, আপনাদের প্রতি ও মসজিদের প্রতি আমার টান রয়েছে। এর আগেও এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে এখানে এসেছি। যে অনুদানটা ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ যথাসময়ে আপনারা তা পেয়ে যাবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শরীফ আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে আমরা টিম ওয়ার্ক করছি। অনেক প্ল্যান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬-৭ মাসের মধ্যে দেখতে পাবেন। দুনিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি পরকালের জন্য যাতে কিছু করতে পারি সবাই দোয়া করবেন।
এরপর মুনাজাত পরিচালনা করেন সালের সাথী উপজেলা তাবলীগের বিশিষ্ট মুরুব্বি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী। সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতি ইঙ্গিত করে মুফতী আজীমুদ্দীন শাহ জামালী বলেন, তিনি একজন খোলা মনের মানুষ। হাবিব ভাইকে আমরা চেয়ারম্যানও মনে করি না, নেতাও মনে করি না। আমরা তাকে বন্ধু মনে করি। উপজেলা চেয়ারম্যান আজ আছেন কাল হয়তো থাকবেন না। কিন্তু বন্ধুত্ব থাকবে চিরদিন। আমরা তাকে ভালবাসি। তিনি আমাদের কি মনে করেন জানি না। তিনি এই মার্কাজ মসজিদের সমস্ত সিমেন্টের দায়িত্ব নিয়েছেন। উনার চেষ্টায় এমপি মহোদয় এই মসজিদে এসেছেন। ৫ লাখ টাকা দিয়ে গেছেন। আশা করি আরও আসবেন। আমরা সবার জন্য দোয়া করবো।

এসময় মসজিদের জমিদাতা ফুলপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী আব্দুছ ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলাম, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, মার্কাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহদী হাসান, শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান, উপজেলা তাবলীগের মুবাল্লিগ আল ইমরান, মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।