ময়মনসিংহের ফুলপুর পৌরসভা জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণসহ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। টানা বর্ষণের সময় ফুলপুর পৌরসভার বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন জনসাধারণের চলাচলে সাময়িক ভোগান্তি নেমে আসে।
নাগরিক এসব দুর্ভোগ দ্রুত নিরসন এবং জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সরেজমিনে পরিদর্শনে নেমেছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। সাথে ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েল ও কনজার্ভেটিভ ইন্সপেক্টর রেবেকা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌরসভার ছনকান্দা এলাকায় শ্মশান ঘাট, সবুজমেলা মাঠ, শিববাড়ী রোড ও মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স হয়ে পৌর ভবনের সামনে দিয়ে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত ড্রেন পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নাগরিকদের দুর্ভোগ যত দ্রুত সম্ভব কমিয়ে এনে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ফুলপুর পৌরসভার এ কার্যক্রম অব্যাহত থাকবে।