ময়মনসিংহের ফুলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ধলী মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৭৪) ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে ক্রসিং দেওয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অন্য একটি বাসে তুলে দেন। প্রাথমিক চিকিৎসা শেষে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
* রূপক ছবি, অনলাইন থেকে সংগৃহীত।