ময়মনসিংহের ফুলপুর উপজেলার বন্যাকবলিত ও নদীভাঙন আক্রান্ত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা (বনোয়াকান্দা) গ্রামের নদীভাঙন কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, চিনি, সেমাইসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন বন্যাকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন, অফিস সহকারী মো. শফিকুল ইসলাম ও গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।