ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া উত্তরপাড়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে একটি গ্রামীণ সড়ক কেটে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকশ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও একটি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, কয়েক বছর আগে স্থানীয় কৃষক আব্দুর রহমান স্বেচ্ছায় জমি দিয়ে প্রায় ছয় ফুট প্রশস্ত একটি রাস্তা নির্মাণে সহযোগিতা করেন। সম্প্রতি ওই রাস্তার পাশে বসে তার ছেলে-মেয়েরা বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের সেখান থেকে সরে যেতে বললে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে গত শনিবার (৪ জুলাই) রাস্তার একটি অংশ কেটে ফেলা হয়। পরে রোববার ও মঙ্গলবার আরও দুই দফায় রাস্তা কেটে পাশের পুকুরে ধসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে অটোরিকশাসহ সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর ফুলপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাস্তা না কাটার নির্দেশনা দেন। তবে স্থানীয়দের অভিযোগ, ওই নির্দেশনার পরও মঙ্গলবার আবার রাস্তা কাটা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কার করে চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, রাস্তার জন্য জমি জোরপূর্বক নেওয়া হয়নি; দাতা নিজ ইচ্ছায় জমি দিয়েছেন এবং সীমানাও নির্ধারণ করা হয়েছিল। এখন রাস্তা কেটে দেওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
আরেক বাসিন্দা আবুল কালাম বলেন, রাস্তা থাকায় তিনি সেখানে বাড়ি নির্মাণ করেছিলেন। বর্তমানে রাস্তা কেটে দেওয়ায় যানবাহন নিয়ে বাড়িতে যাতায়াত করতে পারছেন না।
খাদিজাতুল কুবরা (রা.) কওমি মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ আজিম উদ্দিন বলেন, প্রায় ৫০ জন শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন এই রাস্তা ব্যবহার করেন। দ্রুত রাস্তা সংস্কার না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার না করে কৃষক আব্দুর রহমান বলেন, রাস্তার জন্য জমি তিনি স্বেচ্ছায় দিয়েছিলেন। কিন্তু তার ছেলে-মেয়েদের সেখানে বসে মাছ ধরতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি রাস্তা কেটে ফেলেছেন।
এ বিষয়ে সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ও বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত বিরোধের সমাধান ও রাস্তা পুনঃসংস্কারের ব্যবস্থা না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।