নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ক্ষমতাচ্যুত সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান তালুকদার পলাতক অবস্থায় মোবাইলে ইউপি সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গালাগাঁও ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী, গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সাবেক সদস্য শামসুল হুদা তালুকদার, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক এটিএম মোখলেছুজ্জামান মুকুল, ইউপি সদস্য হারেছ উদ্দিন, রুপন মিয়া, মোখলেছুর রহমান, বাদশা মিয়া, মোছা. জুলেখা খাতুন প্রমুখ। এ সময় তারাকান্দা উপজেলা বিএনপি নেতা আবুল বাশার তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবদল নেতা সেলিম মিয়া, সাবেক গ্রাম সরকার মোঃ আবুল কাশেম, শ্রমিক নেতা নয়ন খান, সাবেক যুবদল নেতা শহিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান তালুকদার পলাতক অবস্থায় শীঘ্রই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে বলে প্রতিনিয়ত নানা হুমকি দিয়ে আসছেন। এছাড়া দেশের বিরুদ্ধে তিনি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এমতাবস্থায় তাকে আটক করে আইনের আওতায় আনতে হবে। উল্লেখ্য, আব্দুর রহমান তালুকদার দীর্ঘদিন যাবত পলাতক রয়েছেন। ফলে ইউনিয়নবাসী কাঙ্খিত সেবা হতে বঞ্চিত। অবশেষে ১০ নভেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে তার স্থলে উপজেলা কৃষি অফিসারকে গালাগাঁও ইউনিয়নের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।