ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেছেন, আমাদের দেশে অন্ততঃপক্ষে ফায়ার সার্ভিস ও ট্রাফিকদের বেসিক ট্রেনিং আবশ্যিকভাবে দেওয়া উচিৎ। আজ বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ফুলপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’ (২০ মে- ২২ মে) উদযাপন উপলক্ষে ফুলপুর ফায়ার স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন- ফায়ার ফাইটাররা মানুষের জীবন রক্ষার জন্য, মানুষের সম্পদ রক্ষার জন্য কাজ করে।
তিনি আরও বলেন- আমরা যখন কোন বিল্ডিং করার জন্য অনুমোদন দেই তখন যদি সেটা সকল টাইটেরিয়া মেনে সবকিছু সঠিকভাবে যাচাই বাছাই করে দেই তাহলে দুর্ঘটনা কম হবে। কিন্তু আমরা যখন টাইটেরিয়া না মেনে অনুমোদন দিব তখন দুর্ঘটনা বাড়বে।

এজন্য আমাদের দেশে অগ্নিকাণ্ডসহ যে সকল দুর্ঘটনা ঘটে এগুলো রোধ করার জন্য আমাদেরকে পূর্ব করণীয়গুলো সঠিকভাবে করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে ফায়ার সার্ভিস ও ট্রাফিকদের বেসিক ট্রেনিং আবশ্যিকভাবে দেওয়া উচিৎ। আর সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করা উচিৎ। কোন রাষ্ট্রের মানুষের মধ্যে যখন দেশপ্রেম সৃষ্টি হবে তখন কোন ব্যক্তি এর কোন ক্ষতি করতে পারবে না। এসময় তিনি কমপক্ষে ৫০ জন তরুণকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিষয়ে ট্রেনিং দেওয়ানোর জন্য তাগিদ প্রদান করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় এবং একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের। বক্তব্যের আগে ফায়ার ফাইটার মোঃ রুকুনুত জামানের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগতঃ বক্তব্য রাখেন ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান। সবশেষে তিনি প্রধান অতিথিকে তাদের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো দেখান ও কোন সময় কোন যন্ত্র কিভাবে কাজে লাগাতে হয় এর বর্ণনা দেন এবং আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন করেন।