মো. আব্দুল মান্নান :
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মিছিল করা হয়েছে। আজ সোমবার (১২ মে) বিকালে উপজেলা যুবদল ও ছাত্রদলের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই মিছিল বের হয়। এর আগে শনিবার রাতেও তাৎক্ষণিকভাবে মিছিল করা হয়েছে। নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ ঘোষণা করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের সকল অপশক্তির বিরুদ্ধে ফুলপুরের রাজপথে আমরা সবসময় প্রস্তত আছি।

এ বিষয়ে অনলাইনের মাধ্যমে আরও জানা যায় যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ একথা জানান। আজ সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।
বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।