নিজস্ব সংবাদদাতা :
‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’র রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি সংশ্লিষ্ট উপদেষ্টার নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান উহা গ্রহণ করেন। এর আগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ গৌরীপুর শাখার আয়োজনে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সাংবাদিক হলি সিয়াম শ্রাবণের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শামীম আনোয়ার (ফুলতারা), সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পা ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় কিন্তু সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩ মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও বাংলাদেশে তা উদযাপন করা হয় না। সাংবাদিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বিএমএসএফের আহ্বানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে। তারা উহা রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার দাবি জানান।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, দেশ স্বাধীনের আজ ৫৪ বছর অতিক্রান্ত হলেও সাংবাদিক সমাজের এ দাবিটি আজও পূরণ হয়নি। সাংবাদিকদের এ দাবি এবং অধিকার নিশ্চিত করতে আজও মাঠে আন্দোলন করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক ও বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা, যারা গণমানুষের জন্য সবসময় নিবেদিত প্রাণ হয়ে কাজ করলেও তাদের নিজেদের রুটিরুজি বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও তাদেরকে মাঠে আন্দোলন করতে হচ্ছে। এরপরও কোনো সুরাহা নেই। বক্তারা বলেন, এবার গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণে করণীয় বিষয়ে তারা কথা বলবেন।