• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

গফরগাঁওয়ে মেলার মাইকিং করতে নিষেধ করায় ইমামকে মেরে রক্তাক্ত, নাগরিক বিক্ষোভ

মোঃ আব্দুল মান্নান / ৩৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে উচ্চ আওয়াজে গান বাজনা ও মেলার মাইকিং করতে নিষেধ করায় মাওলানা মোহাম্মদ ইউসুফ নামে এক ইমামকে রড দিয়ে আঘাত করে মেরে রক্তাক্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বাদ মাগরিব  গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুর সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গফরগাঁও পুখুরিয়া এড্ডাউন জালাল সাহেবের মসজিদের সাবেক ইমাম পুখুরিয়া মাদরাসার নূরানী শিক্ষক  মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর সময় উচ্চ আওয়াজে গানবাজনা ও মেলার মাইকিং করায় সাধারণ মুসল্লীদের কষ্ট হচ্ছিল।

পরে নামাজশেষে তারা এর প্রতিবাদ জানালে গানবাজনার পক্ষের লোকেরা এতে খুব অসন্তুষ্ট হন। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা ইমাম সাহেবের উপর হামলা করে উনাকে রক্তাক্ত করে। এতে ইমাম সাহেব গুরুতর আহত হন।  হামলায় উনার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ইমামের উপর হামলার ঘটনায় বিভিন্ন মহলের পক্ষ হতে এ ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সাধারণ মুসল্লীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর পিএস মোহাম্মদ আরজু আহমেদ আক্রান্ত সেই ইমাম ইউসুফকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানান, ঈদের ছুটিতে ডাক্তার কম। তাই চিকিৎসায় বিলম্ব হচ্ছে। এছাড়া তিনি জানান যে, ইমাম ইউসুফকে সাইফুল ঢালী নামে এক ব্যক্তি আঘাত করেছে।

এদিকে, নিজের একটা চোখ হারানোর শঙ্কা নিয়েও মাওলানা ইউসুফ বললেন, তিনি মামলা করতে চান না, তাঁর অভিযোগ, অনুযোগ কেবল আল্লাহর দরবারে।

এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর পিএস আরজু আরও বলেন, এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। চিকিৎসার খরচ রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। অর্থনৈতিকভাবে দরিদ্র পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষটি চোখ হারালে পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাও ভাবতে হবে।

এছাড়া ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী -এর নেতৃবৃন্দও উনাকে দেখতে ময়মনসিংহ হাসপাতালে গিয়েছেন।

আজ শনিবার (৩০ মে) সকাল ১০টায় গফরগাঁও জামতলা মোড়ে এ ব্যাপারে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক ও নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন অপমান মেনে নিবে না সাধারণ মানুষ ও উলামায়ে কেরাম। ইমাম হেনস্তার প্রতিবাদ জানিয়ে তারা দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত। নিউজে রক্তাক্ত ছবি দেওয়া হলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা