মোঃ আব্দুল মান্নান :
চরমোনাই পীর ফয়জুল করিম বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। তিনি বলেন, উলামায়ে কেরামকে যদি সম্মানিত করতে চান তাহলে আমি বলবো, চাকরির ক্ষেত্রে চারিত্রিক সার্টিফিকেট যেন ইমামদের নিকট থেকে নেওয়া হয়। এরকম আইন পাস করলে ভাল হয়। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করার সময় বিশেষ অতিথির বক্তব্যে চরমোনাই পীর ফয়জুল করিম একথা বলেন।

তিনি বলেন, উলামায়ে কেরাম ও ধর্মীয় যাজকদের সম্মানিত করায় আমরা আপনার প্রতি খুশি। আমরাও আপনাকে সম্মানিত করতে চাই। এসময় তিনি বলেন, আমি মনে করি, এর চেয়েও উলামায়ে কেরামকে সম্মান আরও বেশি দেওয়া হবে যদি তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়। কুরআন ও হাদীসের খেলাফ যতক্ষণ তারা কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাধা না দেওয়া। দেখা যায়, সভাপতিকে আগে সালাম না দেওয়ায় ইমামের চাকরি চলে যায়। আগ বাড়িয়ে একটু সম্মান না করায় তাকে বরখাস্ত করা হয়। হয়তোবা সেক্রেটারির বাজারটা সময়মত বাড়িতে না পৌঁছানোর কারণে মুয়াজ্জিনকে বরখাস্ত করা হয়।
এসময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো- এ বিষয়ে যেন একটা নীতিমালা থাকে। একটা নির্দিষ্ট নীতিমালা থাকা চাই। কোন কারণে তাকে বরখাস্ত করা হলো? প্রধানমন্ত্রী তারেক রহমান পীর সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলেন। নীতিমালার বিষয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বলেন যে, আমরা এটার উপর কাজ করছি। পীর সাহেব তখন শোকরিয়া জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতক্ষণ কুরআন ও সুন্নাহর আকিদার উপর তারা থাকবেন ততক্ষণ যেন তাদেরকে বরখাস্ত না করা হয়। এছাড়া তিনি আরও বলেন, উলামায়ে কেরামকে যদি আপনি সম্মানিত করতে চান তাহলে আমি বলবো, কমপক্ষে যারা চাকরিতে অন্তর্ভুক্ত হবে তাদের যে চারিত্রিক সার্টিফিকেট লাগে তা যেন ইমামদের নিকট থেকে নেওয়া হয়। এ বিষয়ে একটি আইন পাস করলে ভাল হয়। যিনি চারিত্রিক সার্টিফিকেট নিবেন তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন কি না, তার আদর্শ ভালো কি না এসব বিষয়ে যেন ইমামের সার্টিফিকেট নেওয়া লাগে। তাহলে আমরা ইমামরাও ভালো হয়ে যাবো। কেননা, আমরা যদি ভালো না হই তাহলে চারিত্রিক সার্টিফিকেট দিবো কেমনে? কাজেই আমাদের আগে ভালো হতে হবে। তারপর সার্টিফিকেট দিতে পারবো। সবশেষে পীর সাহেব বলেন, আজ ইমামদের যে ভাতা দেওয়া হচ্ছে- এটা যেন ইমামদের নিয়ন্ত্রণের কোন মাধ্যম না হয়। যদি নিয়ন্ত্রণের মাধ্যম হয় তাহলে হিতে বিপরীত হবে।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।