মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ১৯ হাজার ৫শ লিটার ডিজেল ও ৪ হাজার ৫শ লিটার পেট্রোলসহ মোট ২৪ হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে কাড়াহা মোড় সংলগ্ন পপি ট্রেডার্স নামে একটি মিনি ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সাথে ছিলেন। অভিযানে ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান পুলিশের একটি টিম নিয়ে সহযোগিতা করেন।
জানা যায়, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান বিগত একমাস আগে এসব ডিজেল ও পেট্রোল মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি বন্ধ রাখেন। এতে ভোক্তারা চরম বিপাকে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমানের পপি ট্রেডার্স থেকে ২৪ হাজার ডিজেল ও পেট্রোল জব্দ করি। পরে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ডিজেল ও পেট্রোল আজ শনিবার রাত ৯টার দিকে উত্তরা ফিলিং স্টেশনের মাধ্যমে জনস্বার্থে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।