• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে অবৈধভাবে মজুদকৃত ২৪ হাজার লিটার ডিজেল-পেট্রোল জব্দ বিএনপি নেতা ও সাংবাদিক তোফাজ্জলের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার মহান স্বাধীনতা দিবসে ফুলপুরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ ২৬ মার্চে ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেতার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে লোমহর্ষক দুর্ঘটনা, ২৩ জনের লাশ উদ্ধার বেগম খালেদা জিয়া رحمها الله কে যেমনটি দেখেছি (পর্ব-৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দলমতের ঊর্ধ্বে ওঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ হালুয়াঘাটে ইটাখোলা টু আলিশাহ বাজার রাস্তা সংস্কারের দাবি

নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে — মোতাহার হোসেন তালুকদার

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে ধানের শীষের প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেছেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী, সমসাময়িক বিষয় ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে ফুলপুর হাজী কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৭ মার্চ) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। নির্বাচনের আগে ফুলপুর ও তারাকান্দার নির্বাচন অফিসারদের সাথে যোগাযোগ করেছি। মনোনয়ন পত্র সাবমিটের পর ইলেকশন অফিসাররা আমাদের ফোন আর ধরেনি। আমি একজন প্রার্থী কিন্তু তারা আমার ফোন আর ধরেনি। তিনি আরও বলেন, আমি সহকারী রিটার্নিং অফিসারকে বিষয়টি জানিয়েছি। জানানোর পরও এর কোন সূরাহা হয়নি এবং তারা আর ফোন ধরেনি। নির্বাচনের দিন পর্যন্ত তারা কোন ফোন ধরেনি। এখানে জামায়াতে ইসলামের রিটার্নিং অফিসার দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সহকারী পোলিং অফিসার দেওয়া হয়েছে। আমরা সেটা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। তাদেরকে বাদ দিয়ে নতুন নিরপেক্ষ লোক ডিউটিতে দেওয়ার জন্য আবেদন করেছি। আমাদের সেই আবেদন কার্যকর করা হয়নি। এমনকি নির্বাচনের আগের দিন রাতে আমাদের দলীয় অনেক নেতাকর্মীকে নির্বাচন কর্তৃপক্ষ ডিস্টার্ব করেছে। হয়রানি করেছে। আমরা দেখেছি- কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। আবার কিছু কেন্দ্রে আমরা ব্যালট পেপারের মুড়ি পেয়েছি। বালিয়া ইউনিয়নের খরিয়াপাড়া সেন্টারে ৩০৩টা বইয়ের মুড়ি আমরা পেয়েছি। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে- নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্ট হয়েছে। ১৭৪টি কেন্দ্রের ভোট কাস্টিংয়ের সাথে এসব কেন্দ্রের ভোট কাস্টিংয়ের হার মিলে না। সামঞ্জস্যপূর্ণ নয়। তারাকান্দার কোদালধরের একটি সেন্টার ইউএনও অফিস থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। ওখানের ভোট রাত ১২টার পর এসে জমা হয়েছে। প্রশ্ন হলো- মাত্র ২ কিলোমিটার দূরের কেন্দ্র থেকে ভোট উপজেলায় পৌঁছাতে ৭ ঘন্টা সময় লাগে কি না? সেই কেন্দ্রে নির্বাচিত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ দেখানো হয়েছে। এমনিভাবে অসংখ্য সূক্ষ্ম কারচুপির ঘটনা তারা ঘটিয়েছে।

একটা কথা না বললেই নয়- উপজেলা প্রশাসনের কাছে নির্বাচনের আগে উপজেলা পরিষদের হলরুমটি আমি শিক্ষকদের জন্য বরাদ্দ চেয়েছিলাম; কোন রাজনৈতিক কাজে নয় কিন্তু আমরা তা পাইনি। এদিকে, গত ৩দিন আগে এটা যারা স্বাধীনতা বিরোধী চক্র তাদেরকে উপজেলা পরিষদ হলরুম বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদ হলরুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অস্বীকার করে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে, স্বাধীনতার ঘোষক হান্নান শাহ। আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কেন সে একথা বলবে? স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ ব্যাপারে তিনি বিভিন্ন জনের মন্তব্য তুলে ধরে বলেন যে, এটা সেটেল ইস্যু। এটাকে নিয়ে আজ উপজেলা প্রশাসনের নাকের ডগায় যারা বক্তব্য দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীকে আমি (মোতাহার হোসেন তালুকদার) আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে অনুরোধ জানাচ্ছি ও আমরা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে একটা টিম গঠন করে দিব। এই টিম উনাদের সাথে যোগাযোগ করবে। আমরা একটা নির্দিষ্ট সময় দিব এর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। যদি না নেয় তাহলে আমরা সাংগঠনিক পদ্ধতিতে দলীয় ফোরামে আলোচনা করে দলীয় হাই কমান্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে, যিনি এ এলাকায় ৩ মাস আগে এসে সবকিছু জয় করলেন, আপনারা জানেন যে তার বাড়ি টাঙ্গাইল। যদিও তিনি তা অস্বীকার করছেন। তিনি বলেছেন যে, তার বাড়ি ফুলপুরে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মামার বাড়ি কি নিজের বাড়ি হয়? যদি হয়ে থাকে তাহলে আমার কোন কথা নেই।
তিনি আরও বলেন, তিনি ৩ মাস আগে এসেছেন। এসে তিনি বেহেশতের টিকেট বিক্রি করেছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করেছেন, পথভ্রষ্ট করেছেন। করে মাবোনদের এই ভোটটা তিনি নিয়েছেন।
নির্বাচনের আগে তিনি বক্তব্য দিয়েছেন যে, রিকশা প্রতীকে ভোট না দিলে ইসলাম ১০০ বছর পিছিয়ে যাবে। আর গত সপ্তাহে বালিয়া স্কুল মাঠে তিনি বক্তব্য দিয়ে বলেন যে, মুহাম্মাদুল্লাহ হতে আরও ১০০ বার আপনাকে জন্ম নিতে হবে। আমরা মনে করি, তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে একথা বলতে পারেন না। আগে যেটা করেছেন এর জন্য তিনি হচ্ছেন মুনাফেক। আর ইসলাম ১০০ বছর পিছিয়ে যাবে একথা তিনি বলতে পারেন না। একথা বলার জন্যেও তিনি মুনাফেক হয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে, মুহাম্মাদুল্লাহ হতে হলে আরও ১০০ বার পুনর্জন্ম নিতে হবে। অথচ ইসলামে কোন পুনর্জন্মের বিধান নেই। ইসলামে জন্ম একবার মৃত্যুও একবার। অতএব, তিনি মুনাফেক। মুনাফেকদের বিষয়ে আল্লাহ বলেছেন যে, তোমরা মুনাফেকদের বিষয়ে কিছু বলবে না। এটার বিচার আমি করবো। অতএব, এটা আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ বিচার করবেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার আরও বলেন যে, তিনি বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি নির্বাচনের আগেও বলেছি যে, ফুলপুর তারাকান্দার উন্নয়ন আমরা করবো। এখন যেহেতু আল্লাহর বিশেষ রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, কাজেই বাংলাদেশের উন্নয়ন জনাব তারেক রহমান করবেন। তারই ধারাবাহিকতায় তিনি ফুলপুর ও তারাকান্দায় আমাদের মাধ্যমেই উন্নয়ন করবেন, ইনশাআল্লাহ। অতএব, আমি আপনাদেরকে ফুলপুর তারাকান্দার শিক্ষা প্রতিষ্ঠানের কিছু উন্নয়নের তালিকা দিতে চাই, যেটা আমরা গত ৩ মাস কষ্ট করে আদায় করেছি। এই এখন টেন্ডার হবে এবং কাজ শুরু হবে। এরপর তিনি ফুলপুর তারাকান্দায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হবে সেগুলোর নামসহ বরাদ্দকৃত অর্থের পরিমাণ উপস্থিত সবাইকে পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে এসময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক ও সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফাসহ বহু নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা