মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে তার বাড়ি সংলগ্ন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম বাশুয়া কবিরপুর মাদরাসা ঈদগাহ মাঠে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদগাহ মাঠে খুৎবাহ দেওয়ার পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে লম্বা মুনাজাত পরিচালনা করেন।
মুনাজাতে এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, ‘আয় আল্লাহ! তুমি আনাকে অনেক বড় জিম্মাদারি দিয়েছ। এই জিম্মাদারি পালন করার যোগ্যতাও আমাকে দান কর।
আয় আল্লাহ! এই জিম্মাদারি পালন করতে যত বাধা বিপত্তি আছে সকল বাধা বিপত্তি তুমি কুদরতিভাবে দূর করে দাও।
আয় আল্লাহ! এই এলাকার মানুষকে, জাতিকে ভালোবাসার তাওফীক দান কর।
আয় আল্লাহ! এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি ও খুন খারাপি আছে, ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয় এই সকল ক্ষমতা থেকে আমাদের এলাকার সকলকে বেঁচে থাকার তাওফীক দান কর।

আয় আল্লাহ! এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তাওফীক দান কর। যারা এই দেশের শত্রু, এই দেশের স্বাধীনতার শত্রু ওইসব শত্রুর হাত থেকে দেশকে হেফাজত কর। আয় আল্লাহ! শত্রুদেরকে হেদায়াত দান কর। হেদায়াত কপালে না থাকলে তাদেরকে চিরতরে ধ্বংস করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত কর। নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে সাহায্য কর। আয় আল্লাহ! জালিমদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও। সকল মজলুমদের সাহায্য দান কর। ইসলামের দাওয়াত পৃথিবীর অলিতে-গলিতে পৌঁছে দাও।
এসময় বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী এনামুল হাসানসহ গণ্যমান্য বহু মুসল্লী উপস্থিত ছিলেন।