ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি ও চামড়া সঠিকভাবে সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন- কুরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি সবাইকে অনুসরণ করতে হবে। পরিবেশকে দূষিত করা যাবে না। বর্জ্য ব্যবস্থাপনা এবং পশুর চামড়া সংরক্ষণের ক্ষেত্রে আধুনিক কৌশল প্রয়োগ করতে হবে। এ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। সঠিক নিয়মে পশু জবাই করলে ও চামড়া সংরক্ষণ করতে পারলে চামড়ার গুণগত মান অক্ষুণ্ন থাকে এবং বাজারমূল্য বৃদ্ধি পায়। একই সঙ্গে ঈদ পরবর্তী সময়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাওলানা আসাদুজ্জামান জলিল, ক্বারী ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।