মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল মুবিন কাউসার (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার গোদারিয়া গ্রামের বসির মহাজনের ভাতিজা ফুলপুর বাসস্ট্যান্ডে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী এহছানুল হকের একমাত্র ছেলে ও পৌরসভার শিববাড়ী রোডের নূরে মদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার নাজেরা শ্রেণির ছাত্র। সে নাজেরা একবার খতম করে পুনরায় ৪ পারা পর্যন্ত পড়েছিল।
জানা যায়, কাউসার ছুটি উপলক্ষে বাড়িতে ছিল। আজ দুপুরে বাইসাইকেল নিয়ে সে ঘুরতে বের হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরই সে একটি ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।