মো. আব্দুল মান্নান :
ঢাকা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া বিশ্বিবদ্যালয়ের সাবেক শিক্ষক এ প্রতিবেদকের ক্লাসমেট লন্ডন প্রবাসী ড. মাহমুদ বিন সাঈদের গর্বিত পিতা মাওলানা একেএম ছাইদুল হক (৯২) আর নেই। তিনি বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় ঢাকায় ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক। তিনি একজন গর্বিত পিতা ছিলেন। উনার সন্তানাদি ও নাতিরা সবাই উচ্চ শিক্ষিত ও দীনদার। উনার বড় ছেলে মাওলানা জিয়াউর রহমান, সেঝ ছেলে ফেরদাউস মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, ড. মাহমুদ বিন সাঈদ লন্ডন প্রবাসী, উনার ছোট ছেলে রিয়াজ বিন সাঈদ বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি ঢাকা গুলশান শাখার এসপিও। মাওলানা একেএম ছাইদুল হক ছাত্র জীবনে প্রখর মেধাবী ছাত্র ছিলেন। তিনি দাখিল ও আলিম পাস করেছেন ভাসানচর আলিয়া মাদরাসা থেকে। আর ফাযিল পাস করেছেন চরমোনাই আলিয়া মাদরাসা থেকে এবং ১৯৫৮ সনে কামিল পাস করেছেন ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদরাসা থেকে। প্রতিটি ক্লাসে সবসময়ই তিনি ভালো রেজাল্ট করেছেন। কর্মজীবনে ক্ষণজন্মা এই মনীষীটি অত্যন্ত নিরলস ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছেন। জায়গা করে নিয়েছেন আবাল বৃদ্ধ বণিতার হৃদয় গহীনে। প্রথম জীবনে তিনি মুলাদি চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসায় ও মেহেন্দীগঞ্জ সদরে পাতারহাট সিনিয়র ফাযিল মাদরাসায় শিক্ষকতা করেছেন। পরে ভাসানচর নেছারিয়া আলিয়া মাদরাসায় এসিস্ট্যান্ট সুপার পদে যোগদান করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এর ফলাফল ও কাঙ্ক্ষিত উন্নয়ন করে ওই মাদরাসায় ফাযিল জামাত খুলেন ও এর ভাইস প্রিন্সিপাল নিযুক্ত হন। পরবর্তীতে ২০০০ সনে প্রিন্সিপাল পদ থেকে অবসরপ্রাপ্ত হন এই আল্লাহর ওলী। তিনি ভাসানচর মহিলা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া উনার বাড়ি সংলগ্ন স্থানে আল কুরআন একাডেমি, বরিশাল ও মসজিদ আল সাঈদ নামে দুটি দীনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ তায়ালা উনার যাবতীয় আমাল কবুল করুক ও জান্নাতে আলা মাক্বাম দান করুক। আলহামদুলিল্লাহ, উনার ছেলেমেয়েদেরকেও তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই সুন্দর পরিবেশে তারা সবাই গড়ে উঠেছেন এবং ভালো ভালো পদে থেকে দীনী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ তায়ালা উনার সন্তানাদি সবাইকে আজীবন দীনদারীর সাথে থেকে দীনী খেদমত আঞ্জাম দেওয়ার ও এ শোক সইবার মত সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুক।